কোড ছাড়াই ESP32 OLED-এ ভিডিও ও অ্যানিমেশন! (Iskrin OLED Studio গাইড)

Iskrin OLED Studio Setup

আপনি যদি কখনো ওই পিচ্চি 0.96" বা 1.3" OLED ডিসপ্লেগুলোতে নিজের কাস্টম লোগো, একটা মিম, কিংবা ভুলেও কোনো অ্যানিমেশন চালানোর চেষ্টা করে থাকেন, তাহলে ভাই আপনি অলরেডি জানেন এইটার প্যারা কতোখানি!

প্রথমে একটা ছবি খুঁজলেন। তারপর Photoshop ওপেন করে 128×64 সাইজে রিসাইজ করলেন। এরপর সেটা image2cpp বা LCDAssistant-এ ঢুকিয়ে দশবার থ্রেশহোল্ড স্লাইডার নাড়াচাড়া করে বিশাল এক হেক্স বাইটের (hex bytes) দেয়াল কপি করলেন। সেটা Arduino IDE-তে PROGMEM অ্যারে হিসেবে পেস্ট করে কম্পাইল বাটনে চাপ দিয়ে ৪০ সেকেন্ড বসে থাকলেন, তারপর ESP32-তে ফ্ল্যাশ করলেন। এতকিছুর পর স্ক্রিনের দিকে তাকিয়ে দেখলেন—ছবিটা ৩ পিক্সেল বামে সরে গেছে! এখন কী করবেন? আবার শুরু থেকে পুরো নাটকটা রিপিট করুন!

আর এই স্ক্রিনে ভিডিও চালানো বা গানের বিটের সাথে অ্যানিমেশন সিঙ্ক করা? ওসব কথা ভাই ভুলেই যান। আমাদের বেশিরভাগ মানুষই শেষমেশ ধৈর্য হারিয়ে স্ক্রিনে "Hello World" কিংবা সেই চিরচেনা বোরিং DHT11-এর টেম্পারেচার প্রিন্ট করেই ক্ষান্ত দেই।

ব্রাউজার থেকেই সরাসরি ডেস্কটপ OLED ডিসপ্লেতে লাইভ ভিডিও স্ট্রিম
ব্রাউজার থেকেই ডিরেক্ট ডেস্কের পিচ্চি OLED-তে লাইভ ভিডিও স্ট্রিম! নাইস না?

ঠিক এই বিরক্তি আর প্যারা থেকেই জন্ম নিয়েছে Iskrin OLED Studio।

একটা পিক্সেল সরানোর জন্য বারবার C++ বাইট অ্যারের সাথে যুদ্ধ না করে, Iskrin আপনার ব্রাউজারকেই বানিয়ে ফেলবে মাইক্রোকন্ট্রোলারের জন্য একটা লাইভ ক্রিয়েটিভ স্টুডিও—তাও কোনো সফটওয়্যার ইন্সটল করা ছাড়াই! আপনাকে শুধু একবার ফার্মওয়্যার ফ্ল্যাশ করে নিতে হবে, তারপর আপনার ESP32 বা ESP8266-টা USB দিয়ে পিসিতে লাগান (অথবা WiFi দিয়ে কানেক্ট করুন), ব্যাস! এরপর আপনি যা যা করতে পারবেন:

  • লাইভ পিক্সেল আর্ট আঁকুন: জুম করা যায় এমন ক্যানভাসে যা আঁকবেন, সাথে সাথেই OLED স্ক্রিনে ভেসে উঠবে।
  • ছবি বা GIF ড্রপ করুন: কোনো রি-ফ্ল্যাশিং ছাড়াই রিয়েল-টাইমে ডিথারিং (dithering) স্লাইডার ঘুরিয়ে ছবি ঠিকঠাক করে নিন।
  • মাল্টি-ট্র্যাক ভিডিও টাইমলাইন: সরাসরি ব্রাউজার থেকে ভিডিও বানিয়ে সর্বোচ্চ 60 FPS-এ ডিসপ্লেতে স্ট্রিম করুন।
  • গানের তালে ৪টা ফিজিক্যাল LED নাচান: রিয়েল-টাইম 4-band audio FFT (Bass, Low-Mid, High-Mid, Treble) দিয়ে মিউজিক-সিঙ্কড লাইট শো!

সবচেয়ে মজার ব্যাপার কী জানেন? বোর্ডে একবার ফার্মওয়্যার ফ্ল্যাশ হয়ে গেলে আর এক লাইনও C++ কোড লিখতে হবে না। তো চলেন, তার-টার লাগিয়ে জিনিসটা চালু করা যাক!

কী কী লাগবে? (Hardware BOM)

আপনার বাসার পার্টস বক্স ঘাঁটলে এর বেশিরভাগ জিনিসই এমনিতেই পেয়ে যাবেন। আর না থাকলেও টেনশন নাই—সবগুলোই বেশ সস্তা আর লোকাল মার্কেট বা অনলাইনে ইজিলি পাওয়া যায়।

কম্পোনেন্ট কোন মডেল নিবেন টুকটাক টিপস
মাইক্রোকন্ট্রোলার ESP32 DevKit / WROOM (অথবা ESP32-C3 Super Mini / ESP8266 NodeMCU) মাখনের মতো 60 FPS ভিডিও চাইলে ডুয়াল-কোর ESP32 নেওয়াটাই সবচেয়ে ভালো হবে।
OLED ডিসপ্লে 1.3" SH1106 অথবা 0.96" SSD1306 (128×64, I²C) অবশ্যই ৪-পিনের I²C ভার্সন হতে হবে (VCC, GND, SCL, SDA)।
LED (অপশনাল) ৪টা নরমাল 3mm বা 5mm LED (লাল, সবুজ, নীল, হলুদ) শুধু ৪-ব্যান্ড মিউজিক বিট-সিঙ্ক বানাতে চাইলে লাগবে, নাহলে বাদ দিতে পারেন।
রিসিস্টর (অপশনাল) ৪টা 220Ω বা 330Ω রিসিস্টর পোড়া সিলিকনের গন্ধ পছন্দ না করলে এগুলো স্কিপ করবেন না ভাই!
প্রোটোটাইপিং জিনিসপাতি হাফ-সাইজ ব্রেডবোর্ড + Male-to-Male ডুপন্ট জাম্পার ওয়্যার তারগুলো যাতে হিবিজিবি জঙ্গল না হয়ে যায়, সেজন্য ব্রেডবোর্ড থাকা ভালো।
USB ক্যাবল Micro-USB বা USB-C (আপনার বোর্ড অনুযায়ী) অবশ্যই ডাটা ক্যাবল হতে হবে! ওই সস্তা ফ্রি চার্জিং ক্যাবল লাগালে COM পোর্ট খুঁজতে খুঁজতে মাথা খারাপ হয়ে যাবে।


পিনআউট আর ওয়্যারিং গাইড

ব্রেডবোর্ডে ধুমধাম তার গোঁজার আগে একটু দেখে নিন আপনি কোন বোর্ডটা ইউজ করছেন। ESP ফ্যামিলির একেক বোর্ডে I²C পিন আর PWM-সাপোর্টেড GPIO পিন একটু আলাদা হয়।

মাইক্রোকন্ট্রোলার I²C SDA I²C SCL LED 1 (Bass) LED 2 (Low-Mid) LED 3 (High-Mid) LED 4 (Treble) Native USB
ESP32 WROOM / DevKit GPIO 21 GPIO 22 GPIO 2 GPIO 4 GPIO 5 GPIO 18 না (CP2102 / CH340)
ESP32-C3 Super Mini GPIO 8 GPIO 9 GPIO 2 GPIO 3 GPIO 4 GPIO 5 হ্যাঁ (Direct USB CDC)
ESP8266 NodeMCU / D1 GPIO 4 (D2) GPIO 5 (D1) GPIO 14 (D5) GPIO 12 (D6) GPIO 13 (D7) GPIO 15 (D8) না (UART)

ওয়্যারিং ডায়াগ্রাম (ESP32 DevKit WROOM)

আপনার হাতে যদি সেই ক্লাসিক 30-pin বা 38-pin ESP32 DevKit থাকে, তাহলে নিচের মতো করে কানেকশন দিয়ে ফেলুন:

ESP32-এর সাথে I2C OLED ডিসপ্লের কানেকশন
ESP32-এর সাথে I²C OLED ডিসপ্লেটা ঠিক এভাবে কানেক্ট করতে হবে
কম্পোনেন্ট পিন / টার্মিনাল মাঝখানে কী বসবে ESP32 পিন
1.3" I²C OLED ডিসপ্লে
OLED ডিসপ্লে VCC ডিরেক্ট 3V3
OLED ডিসপ্লে GND ডিরেক্ট GND
OLED ডিসপ্লে SCL ডিরেক্ট GPIO 22
OLED ডিসপ্লে SDA ডিরেক্ট GPIO 21
বিট-সিঙ্ক LED (অপশনাল)
LED1 (Bass) Anode (+) 220Ω রিসিস্টর GPIO 2
LED2 (Low-Mid) Anode (+) 220Ω রিসিস্টর GPIO 4
LED3 (High-Mid) Anode (+) 220Ω রিসিস্টর GPIO 5
LED4 (Treble) Anode (+) 220Ω রিসিস্টর GPIO 18
সব LED (LED1–LED4) Cathodes (-) ডিরেক্ট (Common Ground) GND
LED-এর পিন চেনার উপায়
কোন পা পজিটিভ আর কোনটা নেগেটিভ—লাগানোর আগে একটু দেখে নিয়েন!

পাওয়ার দেয়ার আগে ছোট্ট একটা স্যানিটি চেক:

  1. OLED-এর VCC আর GND সিরিয়ালটা ভালো করে দেখে নিন! বাজারের কিছু সস্তা SSD1306/SH1106 মডিউলে পিন থাকে GND-VCC-SCL-SDA, আবার কিছুতে উল্টা—VCC-GND-SCL-SDA। চোখ বন্ধ করে পাওয়ার দিয়ে ডিসপ্লেটা শহীদ করে ফেলবেন না, আগে PCB-এর লেখাটা পড়ে নিন।
  2. LED-এর পোলারিটি (Polarity) খেয়াল রাখুন: লম্বা পা-টা (anode +) যাবে রিসিস্টর হয়ে GPIO পিনে। আর খাটো পা-টা (cathode -, LED-এর যে পাশটা একটু চ্যাপ্টা) যাবে কমন GND-এ।

ধাপ ১: Iskrin ফার্মওয়্যার ফ্ল্যাশ করুন (একবারেই কাজ শেষ)

ফার্মওয়্যারের ঝামেলা ওই একবারই। এটা ফ্ল্যাশ হয়ে গেলে আপনার ESP32-টা জাস্ট একটা সুপার-ফাস্ট ওয়্যারলেস/USB মনিটর হয়ে যাবে, যেটা চুপচাপ বসে থাকবে আপনার ব্রাউজার থেকে ফ্রেম পাওয়ার অপেক্ষায়।

  1. আপনার USB ডাটা ক্যাবল দিয়ে ESP32/ESP8266-টা পিসির সাথে কানেক্ট করুন।
  2. Arduino IDE বা PlatformIO-তে Iskrin ফার্মওয়্যার প্রোজেক্টটা ওপেন করুন। আর ওসব টুলচেইন ইন্সটলের ঝামেলায় না যেতে চাইলে সোজা Iskrin OLED Studio-এর বিল্ট-ইন Web Flasher ইউজ করতে পারেন!
    কনফিগ হেডারে আপনার ডিসপ্লে ড্রাইভার সিলেক্ট করুন
    কনফিগ হেডারে আপনার স্ক্রিনের সঠিক ড্রাইভারটা সিলেক্ট করে দিন
  3. কনফিগ হেডার থেকে আপনার ডিসপ্লের সঠিক ড্রাইভার সিলেক্ট করুন (বেশিরভাগ 0.96" স্ক্রিনের জন্য SSD1306, আর 1.3" স্ক্রিনের জন্য SH1106)।
  4. বোর্ড আর COM পোর্ট সিলেক্ট করে Upload বাটনে ক্লিক করে দিন।
    ESP32-তে Iskrin ফার্মওয়্যার আপলোড হচ্ছে

একটা জরুরি ক্যাচ: আপনি যদি Arduino IDE দিয়ে ফ্ল্যাশ করে থাকেন, তাহলে ব্রাউজারে Iskrin ওপেন করার আগে Serial Monitor বন্ধ করতে ভুলবেন না (পারলে পুরো Arduino IDE-টাই ক্লোজ করে দিন)। দুইটা অ্যাপ একসাথে একটা COM পোর্টে কথা বলতে পারে না ভাই—Arduino IDE যদি পোর্টটা ধরে বসে থাকে, তাহলে Chrome কানেকশন এরর দিবে আর আপনি অযথাই মাথা চুলকাবেন।

ফার্মওয়্যার ফ্ল্যাশ হয়ে গেলে এখানকার টুলটা ব্যবহার করেই আপনার ESP32-তে Wi-Fi নেটওয়ার্ক সেটআপ করে নিতে পারবেন:

ESP32-তে Wi-Fi কনফিগার করা হচ্ছে

ধাপ ২: ব্রাউজারের সাথে মাইক্রোকন্ট্রোলার কানেক্ট করুন

এবার যেকোনো Chromium-বেসড ব্রাউজারে (Google Chrome, Microsoft Edge, অথবা Brave) Iskrin OLED Studio ওপেন করুন। (দুঃখের বিষয়, Firefox বা Safari-তে এখনো Web Serial সাপোর্ট করে না।)

কানেক্ট করার জন্য আপনার হাতে দুইটা রাস্তা আছে:

অপশন A: USB Web Serial (সবচেয়ে ফাস্ট - সর্বোচ্চ 60 FPS)

  1. ওপরের টুলবার থেকে Connect Serial বাটনে ক্লিক করুন।
  2. ব্রাউজারে একটা পপআপ আসবে যেখানে সব সিরিয়াল পোর্ট দেখাবে (আপনার বোর্ড অনুযায়ী CP2102, CH340, অথবা ESP32-C3 হলে USB JTAG/Serial খুঁজুন)।
  3. বোর্ডটা সিলেক্ট করে Connect চাপুন, ব্যাস—স্ট্যাটাস ইন্ডিকেটর সবুজ হয়ে যাবে। এখন ক্যানভাসে আপনি যাই করবেন, সোজা OLED স্ক্রিনে চলে যাবে!
USB Serial দিয়ে OLED ডিভাইস কানেক্ট করা
USB Serial দিয়ে ডিরেক্ট কানেক্ট করে নিলাম

অপশন B: WiFi WebSockets (তারের ঝামেলা ছাড়া)

  1. চেক করে নিন আপনার ESP32 আর পিসি একই WiFi নেটওয়ার্কে কানেক্টেড আছে কি না।
  2. আপনার ESP32-এর লোকাল IP অ্যাড্রেসটা বসান (বোর্ড বুট হয়ে WiFi-এ কানেক্ট হলে OLED স্ক্রিনেই IP-টা ভেসে উঠবে)।
  3. এবার Connect WiFi ক্লিক করুন। ব্যাস, আপনি এখন ওয়্যারলেসলি স্ট্রিম করছেন! আপনার OLED যদি কোনো 3D-প্রিন্টেড ডেস্ক গ্যাজেটের ভেতরে বা রুমের অন্য কোনায় বসানো থাকে, তাহলে এটা দারুণ কাজে দিবে।
Wi-Fi দিয়ে ওয়্যারলেস কানেকশন
কোনো তার ছাড়াই Wi-Fi দিয়ে কানেক্টেড!

ধাপ ৩: রিয়েল-টাইমে আঁকাআঁকি, ছবি ইম্পোর্ট আর ডিথারিং

এবার আসল মজার পার্ট। বোরিং হেক্স অ্যারের দিকে তাকিয়ে থাকার বদলে এখন আপনার হাতে আস্ত একটা ক্রিয়েটিভ ওয়ার্কস্পেস:

Iskrin পিক্সেল আর্ট ক্যানভাস
লাইভ 128×64 পিক্সেল আর্ট ক্যানভাস
  • পিক্সেল আর্ট ক্যানভাস: পেন্সিল, ইরেজার, ফিল বাকেট বা শেপ টুল নিয়ে সরাসরি 128×64 গ্রিডে আঁকা শুরু করে দিন। মাউসের প্রতিটা টানের সাথে সাথেই আপনার টেবিলে রাখা OLED স্ক্রিনটা আপডেট হবে।
  • ইমেজ ইম্পোর্ট ও লাইভ ডিথারিং: যেকোনো PNG, JPG বা ছবি ড্র্যাগ করে ক্যানভাসে ছেড়ে দিন। যেহেতু এই OLED-গুলো একদম 1-bit (মানে একটা পিক্সেল হয় জ্বলবে, নয়তো বন্ধ থাকবে—কোনো গ্রে-স্কেল নেই), তাই Iskrin আপনাকে Floyd-Steinberg, Atkinson, Bayer আর Threshold ডিথারিং অ্যালগরিদম সুইচ করার সুবিধা দেয়। সামনের আসল ডিসপ্লেটার দিকে তাকিয়ে কনট্রাস্ট আর ব্রাইটনেস স্লাইডার ঘুরিয়ে ছবিটাকে একদম ক্রিস্প করে নিন।
স্টুডিওতে কনভার্ট ও সিমুলেট করা আউটপুট
স্টুডিওর ভেতরে প্রিভিউ দেখতে যেমন লাগছে
আসল OLED স্ক্রিনে আউটপুট
আর আসল OLED স্ক্রিনে একদম হুবহু আউটপুট!
  • মাল্টি-ট্র্যাক ভিডিও ও টাইমলাইন: ছোট কোনো MP4 ক্লিপ বা অ্যানিমেটেড GIF ড্রপ করে দিন (হ্যাঁ ভাই, মাত্র ১০ সেকেন্ডেই আপনার ডেস্কের OLED-তে Bad Apple!! চালিয়ে ফেলতে পারবেন!)। টাইমলাইন দিয়ে ক্লিপ কাটাছেঁড়া করা, ওপরে টেক্সট বসানো, ফ্রেমরেট কমানো-বাড়ানো আর লুপ করা—সবই করতে পারবেন।
Iskrin OLED Studio-এর মাল্টি-ট্র্যাক ভিডিও টাইমলাইন

ধাপ ৪: ৪-ব্যান্ড অডিও FFT আর বিট-সিঙ্ক LED চালু করুন

আপনি যদি ওই অপশনাল ৪টা LED লাগিয়ে থাকেন, তাহলে এই স্টেপেই আপনার ডেস্কটা একটা মিনি ক্লাবে পরিণত হবে!

  1. Iskrin OLED Studio-এর Video Studio ট্যাবে চলে যান।
  2. আপনার অডিও সোর্স সিলেক্ট করুন—সরাসরি যেকোনো MP3 বা WAV ফাইল লোড করে দিতে পারেন।
  3. Hardware LED Beat Sync অপশনটা ON করে দিন।
  4. এবার ৪টা ব্যান্ডের সেনসিটিভিটি স্লাইডারগুলো নিজের মতো অ্যাডজাস্ট করে নিন:
    • Band 1 (Bass): কিক ড্রাম আর সাব-বেস (এটা LED 1 চালাবে)
    • Band 2 (Low-Mid): বেসলাইন আর ভারী ভোকাল (এটা LED 2 চালাবে)
    • Band 3 (High-Mid): গিটার, সিন্থ আর স্নেয়ার (এটা LED 3 চালাবে)
    • Band 4 (Treble): হাই-হ্যাট আর সিম্বল (এটা LED 4 চালাবে)
Auto FFT ফিচার দিয়ে অডিও থেকে সরাসরি ভিজ্যুয়াল কনভার্সন

এবার প্লে বাটনে চাপ দিন। OLED স্ক্রিনে স্মুথলি রিয়েল-টাইম স্পেকট্রাম অ্যানালাইজার বা ওয়েভফর্ম চলবে, আর পাশে থাকা ৪টা ফিজিক্যাল LED গানের প্রতিটা বিটের সাথে হার্ডওয়্যার PWM ব্রাইটনেসে জ্বলবে-নিভবে!

ভেতরের কারসাজি: এটা আসলে 60 FPS পায় কীভাবে?

বেশি টেকনিক্যাল কচকচানি করলে আপনারা আবার বোর খাবেন! তবুও আপনি যদি আমার মতো এমবেডেড সিস্টেম নার্ড হন (অথবা CSE/EEE স্টুডেন্ট হয়ে থাকেন যে জানতে চায় তারের ভেতর দিয়ে আসলে কী যাচ্ছে), তাহলে শর্টকাটে বলে দিই এটা স্লাইডশোর মতো ল্যাগ করে না কেন:

  1. পিচ্চি ফ্রেমবাফারের হিসাব: একটা 128×64 মনোক্রোম ডিসপ্লেতে মোট পিক্সেল থাকে 128×64 = 8,192-টা। আর যেহেতু প্রতিটা পিক্সেল মাত্র 1-bit (অন বা অফ), তাই পুরো একটা ফুল-স্ক্রিন ফ্রেম চেপেচুপে মাত্র 1,024 বাইটে (1 KB) এঁটে যায়!
  2. বাইনারি সিরিয়াল ফ্রেমিং: সিরিয়াল দিয়ে JSON বা টেক্সট পাঠাতে গেলে ESP32-এর দম আটকে যেত। তাই Iskrin সরাসরি র-1 KB বাইনারি ফ্রেমের সাথে ছোট্ট একটা হেডার আর সিঙ্ক বাইট জুড়ে দিয়ে হাই-বড Web Serial (যেমন 921600 bps বা ESP32-C3-এ নেটিভ USB CDC) অথবা বাইনারি WebSocket দিয়ে পাঠিয়ে দেয়। 921,600 baud রেটে 1 KB ডাটা যেতে সময় লাগে মাত্র ~11 মিলিসেকেন্ড—মানে 60 FPS-এর জন্য হাতে যথেষ্ট সময় থাকে।
  3. ব্রাউজারেই FFT-এর ভারী কাজ: একটা ESP8266-এর ওপর I²C ডিসপ্লে রিফ্রেশ করার পাশাপাশি হাই-রেজোলিউশন Fast Fourier Transform চালানো একটু জুলুম হয়ে যায়। তাই Iskrin ভারী অঙ্কটা ব্রাউজারের Web Audio API (AnalyserNode)-কে দিয়ে করিয়ে নেয়, তারপর স্পেকট্রামটাকে ৪টা নরমালাইজড বাইটে (0–255) ভাগ করে ফ্রেম প্যাকেটের সাথেই পাঠিয়ে দেয়। মাইক্রোকন্ট্রোলার জাস্ট ওই ৪টা বাইট নিয়ে সরাসরি হার্ডওয়্যার PWM পিনে (ESP32-তে ledcWrite / ESP8266-এ analogWrite) বসিয়ে দেয়।
  4. ফাস্ট I²C ক্লক: ফার্মওয়্যারটা I²C বাসের স্পিড ওই স্লো ডিফল্ট 100 kHz থেকে বাড়িয়ে 400 kHz (ভালো আর ছোট তার হলে 800 kHz) করে দেয়, যাতে বাইট আসার সাথে সাথেই OLED স্ক্রিনে ডাটা ডাম্প করে দিতে পারে।

ঝামেলা বাঁধলে কী করবেন? (Troubleshooting)

মনে হতে পারে সব তো ঠিকঠাক করলাম, কিন্তু স্ক্রিন জ্বলে না কেন? রাগ করে ESP32-টা জানালা দিয়ে ছুড়ে ফেলার আগে এই ৫টা চেনাজানা কালপ্রিট চেক করে নিন:

  • Chrome-এ "Failed to open serial port" দেখাচ্ছে: অন্য কোনো প্রোগ্রাম আপনার COM পোর্ট দখল করে বসে আছে। Arduino IDE-এর Serial Monitor, PlatformIO, PuTTY, বা Iskrin ওপেন থাকা অন্য কোনো ব্রাউজার ট্যাব ক্লোজ করে আবার ট্রাই করুন।
  • কোনো COM পোর্টই দেখাচ্ছে না: এখানে দুইটা কাহিনী হতে পারে—(১) আপনি চার্জিং-অনলি USB ক্যাবল লাগিয়েছেন, ভালো একটা ডাটা ক্যাবল দিয়ে পাল্টে দেখুন। (২) আপনার Windows-এ CP2102 বা CH340 USB-to-UART ড্রাইভার ইন্সটল করা নেই। Device Manager → Ports (COM & LPT)-এ গিয়ে দেখুন কোনো হলুদ ওয়ার্নিং সাইন আছে কি না।
  • স্ক্রিন চলছে, কিন্তু ছবিটা ২ পিক্সেল সরে গেছে আর এক কোণায় হিবিজিবি ডট দেখাচ্ছে: এইটা একদম ক্লাসিক SSD1306 বনাম SH1106 ঝামেলা! বেশিরভাগ 1.3" OLED-এ SH1106 কন্ট্রোলার থাকে (যার ইন্টারনাল RAM 128-এর বদলে 132 পিক্সেল চওড়া)। ড্রাইভার সেটিংসটা SSD1306 থেকে SH1106 করে দিন, ঝামেলা গায়েব!
  • OLED একদম ঘুটঘুটে কালো হয়ে আছে: I²C অ্যাড্রেসটা চেক করুন। বেশিরভাগ মডিউলে 0x3C থাকে, তবে কিছু কিছু মডিউলে 0x3D-ও হয়। আর একবার দেখে নিন ভুলে SDA আর SCL উল্টাপাল্টা লাগিয়ে ফেলেননি তো!
  • Web Serial বাটনটা কাজ করছে না বা গায়েব: নির্ঘাত আপনি Firefox বা Safari ইউজ করছেন। ডেস্কটপে Chrome, Edge, বা Brave-এ সুইচ করুন ভাই।

শেষ কথা

একবার ব্রাউজার থেকে লাইভ OLED এডিট করার মজা পেয়ে গেলে, আবার সেই পুরানো image2cpp-এ ফিরে যাওয়াটা পাথরে খোদাই করে কোড লেখার মতো মনে হবে! আপনি স্মার্ট গ্যাজেটের UI প্রোটোটাইপ করেন, টেবিলের জন্য একটা রেট্রো মিনি ঘড়ি বানান, কিংবা মনিটরের পাশে একটা মিনি মিউজিক ভিজ্যুয়ালাইজার রাখেন—Iskrin OLED Studio আপনার ঘণ্টার পর ঘণ্টা কম্পাইল-অ্যান্ড-ফ্ল্যাশ করার প্যারা বাঁচিয়ে দিবে।

এটা দিয়ে যদি দারুণ কিছু বানান—যেকোনো কাস্টম ডেস্ক কম্প্যানিয়ন, 3D-প্রিন্টেড সাইবারডেক মিনি-মনিটর, বা উদ্ভট কোনো মিম প্লেয়ার—তাহলে কমেন্টে ছবি বা ভিডিও দিতে ভুলবেন না, অথবা আমাদের Discord কমিউনিটিতে শেয়ার করে দিন। আর শুরু করার জন্য যদি ESP32, 1.3" OLED, বা এক বান্ডেল ডুপন্ট ওয়্যার না থাকে, তাহলে টেস্টেড অরিজিনাল কম্পোনেন্টগুলো সরাসরি KathalTech থেকে অর্ডার করে নিতে পারেন।

আজকের মতো এটুকুই। পরে দেখা হবে ভাই, নতুন কোনো প্রোজেক্ট নিয়ে!

Post a Comment

0 Comments